রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন চায় ইসি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন পবিত্র রমজান মাসের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। খুব দ্রুতই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন রোজার মধ্যে করার বিষয়ে কমিশনের ভেতরে আলোচনা হয়েছে এবং ঈদের আগেই এই নির্বাচনের সব কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের নির্বাচন ঈদের পরে অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন আয়োজন করার নিয়ম রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী সাধারণ আসনে যে দল যতটি আসন পায় মূলত সেই অনুপাতেই সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়ে থাকে। এক্ষেত্রে কোনো দল একাধিক আসন পেলে তবেই তারা নারী আসন পায় কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা এককভাবে কোনো নারী আসন পান না।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









