সবার আগে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – সবার আগে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বুধবার সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আজ দায়িত্ব পালনের প্রথম দিন। মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো আরও কয়েকদিন পর স্পষ্টভাবে বোঝা যাবে। তবে পরিবেশগত চ্যালেঞ্জ এখন আর কেবল একটি দেশের সমস্যা নয়, এটি বিশ্বব্যাপী সংকট। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বৈশ্বিক এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বন-জঙ্গল রক্ষা করা, কৃষি উৎপাদনশীলতা বজায় রাখা এবং উপকূলীয় ও লবণাক্ত জমিতে কীভাবে ফসল উৎপাদন বাড়ানো যায়, সেসব বিষয়ই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।
আব্দুল আউয়াল মিন্টু আরও জানান, এসব চ্যালেঞ্জ ধাপে ধাপে মোকাবিলা করা হবে। বর্তমান অভিজ্ঞ মন্ত্রিসভা সম্মিলিতভাবে কাজ করবে এবং খাদ্য উৎপাদন থেকে শুরু করে সার্বিক উন্নয়নে মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









