পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি চালুর দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৮ ফেব্রুয়ারি – পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের ‘জুলাই ৬’ হল, স্বাধীনতা হল এবং স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় সংহতি প্রকাশ করেন।
মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন, ২০২৪ সালে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অবৈধভাবে নিষিদ্ধ করা হয়েছিল এবং তারা তখনও এর প্রতিবাদ করেছিলেন। গত কয়েক মাসে প্রশাসনকে রাজনীতি চালু করার জন্য একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও প্রশাসন এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি বলে তিনি অভিযোগ করেন। অনতিবিলম্বে রাজনীতি উন্মুক্ত করে দেওয়া না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা।
পাবিপ্রবি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, ৫ আগস্টের পর সবার স্বাধীনভাবে গণতান্ত্রিক চর্চার অধিকার তৈরি হয়েছে। কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল তাদের অধিকারকে খর্ব করার জন্য রাজনীতি নিষিদ্ধ করে রেখেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বর্তমান প্রশাসনের কাছে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। উক্ত কর্মসূচিতে পাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল ইসলাম, ওলি উল্যা এবং সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলিভসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









