মিরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট, কর্মচারী জিম্মি

চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি – চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মধ্যরাতে অস্ত্রের মুখে জিম্মি করে একটি খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় নিজামপুর রেল স্টেশনের পূর্ব পাশে অবস্থিত খামারে এই চুরির ঘটনা ঘটে।
খামারটির মালিক এস এম আবু হেনা কায়সার স্থানীয় হাইতকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। খামার মালিক জানান যে প্রায় দুই বছর আগে তিনি এই খামারটি গড়ে তুলেছিলেন এবং তা দেখাশোনার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে একদল দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামারে হানা দেয়। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে খামারের কর্মচারী নুরুল আফছারকে বেঁধে ফেলে এবং ৫ লাখ টাকা সমমূল্যের ৪০টি ছাগল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী কর্মচারী নুরুল আফছার জানান রাতে ছাগলের শব্দ শুনে ঘর থেকে বের হওয়ামাত্রই দুর্বৃত্তরা তাকে জিম্মি করে এবং চোখ মুখ বেঁধে ফেলে।
যাওয়ার সময় তারা তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেয়। দুর্বৃত্তরা ছাগলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও পশুখাদ্যের বস্তাও নিয়ে গেছে। বিষয়টি মৌখিকভাবে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে জানানো হয়েছে। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









