জাতীয়

নির্বাচনী ছুটির পর পণ্যবাহী গাড়ির চাপে তিন মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ১৮ ফেব্রুয়ারি – নির্বাচনী ছুটির পর একসঙ্গে প্রচুর সংখ্যক পণ্যবাহী যানবাহন রাস্তায় নেমে আসায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ এশিয়ান হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৯টা থেকেই এই তিনটি গুরুত্বপূর্ণ সড়কে হাজারো যানবাহন আটকা পড়ে স্থবির হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি একই স্থানে দাঁড়িয়ে থাকায় যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে চার লেনের উন্নীতকরণ কাজ চলমান থাকায় রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ সাহাবুর রহমান জানান, নির্বাচনের কারণে কয়েক দিন পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ ছিল। ছুটি শেষে সব গাড়ি একসঙ্গে রাস্তায় নামার ফলে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। এ ছাড়া আসন্ন রমজান উপলক্ষ্যে ব্যবসায়ীদের পণ্য পরিবহনের চাপ বৃদ্ধি পাওয়াও যানজটের অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন। তবে মদনপুর এলাকার পরবর্তী অংশে সড়ক পরিস্থিতি এখনো অনেকটা স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language