জাতীয়

তারেক রহমানের সরকারের অধীনে পুলিশের শীর্ষ পদে রদবদলের গুঞ্জন, আলোচনায় একাধিক নাম

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে পরিবর্তন আসতে পারে বলে জোরালো আলোচনা চলছে।

পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রমতে, নতুন আইজিপি হিসেবে বেশ কয়েকজনের নাম বিবেচনায় রয়েছে। এর মধ্যে ১২তম ব্যাচের কর্মকর্তা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, এপিবিএনের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এবং র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের নাম উল্লেখযোগ্য। এ ছাড়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠানের নামও শোনা যাচ্ছে।

অন্যদিকে ডিএমপি কমিশনার পদের জন্য আলোচনায় রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নামও এই পদের জন্য বিবেচনায় রয়েছে।

বর্তমানে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার হিসেবে আছেন শেখ মো. সাজ্জাত আলী। উভয়েরই চুক্তির মেয়াদ এখনো বিদ্যমান থাকলেও সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language