মধ্যপ্রাচ্য

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না ইরান, যাচাইয়ে প্রস্তুত পেজেশকিয়ান

 

তেহরান, ১৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তার দেশ কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তিনি জোর দিয়ে বলেন, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক যেকোনো ধরনের যাচাই ও বাছাইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং কেউ যদি তা যাচাই করতে চায় তবে সেই সুযোগ দিতে তারা রাজি আছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসা, শিল্প ও কৃষির উন্নয়নের স্বার্থে পারমাণবিক জ্ঞান ও বিজ্ঞানের ব্যবহারে বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না।

ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিপরীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, এর আড়ালে ইরান গোপনে অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে।

এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান যুদ্ধ চায় না, তবে ন্যায্য আলোচনার পাশাপাশি প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কৌশল বজায় রাখছে।

মাস্কাটে অনুষ্ঠিত সাম্প্রতিক পরোক্ষ আলোচনা প্রসঙ্গে তিনি জানান, সেখানে যুক্তরাষ্ট্রের দাবির কোনো লিখিত জবাব দেওয়া হয়নি বরং কেবল মতবিনিময় হয়েছে। লারিজানি আরও বলেন, আলোচনা ফলপ্রসূ হতে পারে যদি তা ন্যায্য হয় এবং সময়ক্ষেপণের হাতিয়ার না হয়ে ওঠে।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language