নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন, প্রধানমন্ত্রীর দায়িত্বে তিন বিভাগ

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ এবং দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার গভীর রাতে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন গঠিত মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন।
পূর্ণ মন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমান এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মো. আসাদুজ্জামানকে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
অন্যদিকে প্রতিমন্ত্রীদের মধ্যে শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এছাড়া মো. নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং জুনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো দলটি।
এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









