প্রধানমন্ত্রীর শিডিউল জটিলতায় একদিন পেছাল বইমেলা, উদ্বোধন ২১ ফেব্রুয়ারি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – নির্ধারিত সময়ের একদিন পর অর্থাৎ ২১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি এই মেলা শুরু হওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর শিডিউল না পাওয়ায় মেলা শুরুর তারিখ একদিন পেছানোর সিদ্ধান্ত জানিয়েছে বইমেলা পরিচালনা কমিটি।
মঙ্গলবার সন্ধ্যায় কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা একাডেমি ও মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, স্টল নির্মাণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের অবকাঠামোগত প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া নিরাপত্তা পরিকল্পনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি ও অতিথি আমন্ত্রণের কাজও গুছিয়ে আনা হয়েছে। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আসন্ন রমজান মাস বিবেচনায় রেখে মেলা প্রাঙ্গণে ইফতার ও নামাজের ব্যবস্থাসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচি মেলেনি বলে শেষ মুহূর্তে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এবারের বইমেলার উদ্বোধন করবেন। মেলা পেছানোর কারণ প্রসঙ্গে সূত্রটি জানায়, সরকার গঠনের পর দাপ্তরিক ব্যস্ততার কারণে ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সময় পাওয়া যায়নি। তবে ২১ ফেব্রুয়ারি তিনি সময় দিতে সম্মত হয়েছেন বিধায় উদ্বোধনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









