ইরান ধ্বংসের স্বপ্নে ট্রাম্পও সফল হবেন না, হুঁশিয়ারি খামেনির

ওয়াশিংটন, ১৭ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার প্রচেষ্টায় কখনোই সফল হবেন না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার এক ভাষণে খামেনি এই মন্তব্য করেন। একই দিনে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পারমাণবিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
খামেনি উল্লেখ করেন যে সম্প্রতি এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ৪৭ বছরেও আমেরিকা ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি। এর জবাবে খামেনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন যে তিনিও এই কাজে সফল হবেন না। মঙ্গলবার জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা চলার সময়েই খামেনি এই কড়া বার্তা দেন। এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
গত বছর ইরান ও ইসরায়েল যুদ্ধের সময় আগের আলোচনা ভেঙে পড়ার পর পুনরায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। গত মাসে সরকারবিরোধী বিক্ষোভে ইরানের প্রাণঘাতী দমন পীড়নের পর যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী বহর মোতায়েন করে এবং এরপরই নতুন করে এই আলোচনা শুরু হয়েছে।
এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









