প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের অভিনন্দন

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার এক অফিসিয়াল বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।
বার্তায় লি কিয়াং উল্লেখ করেন যে, চীন ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং একে অপরের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস অনেক পুরোনো।
কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সমানভাবে সম্মান প্রদর্শন করেছে। পাশাপাশি পারস্পরিক লাভজনক সহযোগিতার ক্ষেত্রে দেশ দুটি আদান-প্রদানের একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে।
চীনের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের নতুন সরকারের মসৃণ শাসনব্যবস্থা প্রয়োগ ও পরিচালনায় চীন সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে এবং উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
চীন ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি, যাতে উভয় দেশের জনগণ এর সুফল ভোগ করতে পারে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলেও বার্তায় উল্লেখ করেন লি কিয়াং।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









