রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আহ্বান জামায়াত আমিরের

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে পবিত্র রমজান উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারকে বিশেষ দৃষ্টি দিতে হবে। অসাধু ব্যবসায়ীদের গড়ে তোলা সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যাতে স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারেন সেজন্য প্রয়োজনে ভর্তুকি প্রদানের পরামর্শ দেন তিনি।
চাল, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজি, চিনি, খেজুর ও ছোলাসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান বিরোধীদলীয় এই নেতা। ডা. শফিকুর রহমান বলেন, মাহে রমজান রহমত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে এবং এ মাসে তাকওয়া অর্জনের সুযোগ থাকে। পবিত্র এই মাসের মর্যাদা রক্ষায় দিনের বেলায় হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ সময়ের নির্যাতন ও জুলুমের অবসান ঘটিয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তবে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









