সারা দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবিহ নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী একুশ দিনে এক পারা করে তিলাওয়াত করতে হবে। এই নিয়ম অনুসরণ করা হলে সাতাশ রমজানের রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে কুরআন খতম সম্পন্ন করা সম্ভব হবে। দেশের অধিকাংশ মসজিদে খতমে তারাবিহতে নির্দিষ্ট পরিমাণ কুরআন তিলাওয়াতের রেওয়াজ থাকলেও কিছু মসজিদে এর ভিন্নতা দেখা যায়।
এতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকারী কর্মজীবী ও ধর্মপ্রাণ মুসল্লিরা কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না এবং মানসিক অতৃপ্তিতে ভোগেন। এই সমস্যা নিরসনে ইসলামিক ফাউন্ডেশন সুনির্দিষ্ট এই পদ্ধতি অনুসরণের অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে প্রতিদিনের তিলাওয়াতের জন্য সুরা ও আয়াতের নির্দিষ্ট ক্রমও উল্লেখ করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম ও মসজিদ কমিটির প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









