মাত্র ২৪৫ ভোট পেয়েও মাইকিং করে ভোটারদের কৃতজ্ঞতা জানালেন প্রার্থী হোছনেয়ারা

জামালপুর, ১৭ ফেব্রুয়ারি – জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে মাত্র ২৪৫ ভোট পেয়েও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন হোছনেয়ারা বেগম। নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরও তিনি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
গত ১৬ ফেব্রুয়ারি রাতে জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় মাইক হাতে ঘুরে ঘুরে ভোটারদের ধন্যবাদ জানান তিনি। এ সময় তিনি বলেন, যারা তাকে ভোট দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ এবং যারা দেননি তাদের প্রতিও তার শ্রদ্ধা রয়েছে।
জনগণের রায় তিনি সাদরে গ্রহণ করেছেন এবং নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়েছেন। জামালপুর শহরের ডাকপাড়া এলাকার বাসিন্দা হোছনেয়ারা পেশায় একজন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা। তিনি হরিণ প্রতীক নিয়ে এই আসনে আরও ৯ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপির প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট। সেখানে স্বতন্ত্র প্রার্থী হোছনেয়ারা পেয়েছেন মাত্র ২৪৫ ভোট। মাইকিং করার বিষয়ে তিনি জানান, জয় বা পরাজয় নয় বরং মানুষের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড়।
তাই তিনি নিজেই রাস্তায় নেমে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। প্রাপ্ত ভোট এবং বিশেষ করে প্রবাসীদের সমর্থনে তিনি আনন্দিত ও গর্বিত বলে উল্লেখ করেন। যারা তাকে ভোট দিয়েছেন বা দেননি সবার প্রতিই কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই স্বতন্ত্র প্রার্থী।
এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









