বলিউড

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অভিনেত্রীর কড়া প্রতিক্রিয়া

মোরাদাবাদ, ১৭ ফেব্রুয়ারি – রাজপাল যাদবের পর এবার আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ২০১৭ সালের একটি চেক জালিয়াতি ও চুক্তি ভঙ্গের মামলায় মোরাদাবাদ আদালত অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আদালতের সমন বারবার উপেক্ষা করে হাজিরা না দেওয়ার কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত ২০১৭ সালের নভেম্বর মাসে। অভিযোগকারী ইভেন্ট আয়োজক পবন ভার্মা দাবি করেছেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমিশাকে সাড়ে ১৪ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল এবং তার যাবতীয় ব্যবস্থাও করা হয়েছিল।

কিন্তু শেষ মুহূর্তে অভিনেত্রী অনুষ্ঠানে উপস্থিত হননি। পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি নগদ ১০ লাখ টাকা ফেরত দিলেও বাকি সাড়ে ৪ লাখ টাকার চেকটি বাউন্স করে। এই অভিযোগেই আদালতের দ্বারস্থ হন পবন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে আমিশা পুরো বিষয়টিকে ভিত্তিহীন এবং সস্তা প্রচারের কৌশল বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, ওই ব্যক্তি অনেক আগেই একটি সমঝোতা পত্রে স্বাক্ষর করে টাকা বুঝে পেয়েছিলেন। তবুও মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছেন। অভিনেত্রীর আইনজীবীরা পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language