বিএনপি সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নিচ্ছেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী

ঢাকা-১৬, ১৭ ফেব্রুয়ারি – বিএনপির নেতৃত্বাধীন সরকারে ৪৯ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। এতে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন বলে জানা গেছে। নবগঠিত এই মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মোট ৩ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হচ্ছেন।
আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এর আগে আজ সকালেই জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা নিজেদের শপথ গ্রহণ সম্পন্ন করেছেন। মন্ত্রিসভার ২৫ জন পূর্ণ মন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন দুইজন।
তাঁরা হলেন খলিলুর রহমান ও আমিনুর রশিদ হাজী ইয়াসিন। উল্লেখ্য খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে বিএনপি সরকারে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ হাজী ইয়াসিনও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন।
সংসদ সচিবালয় থেকে তাঁকে প্রস্তুত থাকার জন্য টেলিফোনে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তিনি চূড়ান্তভাবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় স্থান পাচ্ছেন আমিনুল হক যিনি বিগত নির্বাচনে ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









