মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – দেশের নতুন মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে নিরাপত্তা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ৫০ জন মন্ত্রীর হিসাব ধরে সব প্রস্তুতি রেখেছে। তবে তারেক রহমানের মন্ত্রিসভা হয়তো এর চেয়ে কিছুটা ছোট হতে পারে বা পুরো ৫০ জন মন্ত্রীই হতে পারে।
চিঠিতে আরও বলা হয়েছে, আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
চিঠিতে অনুরোধ করা হয়েছে, এই পরিস্থিতিতে মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের আইজিপি, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার এবং ডিএমপির উপপুলিশ কমিশনারকে (প্ররক্ষা) চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









