সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ শেষে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









