আসনে হেরে মামলার হুঁশিয়ারি দিলেন গিয়াস উদ্দিন তাহেরী

হবিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে পরাজিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে তিনি ৮৪ হাজার ৩২৩ ভোট পেয়েছেন। তবে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তিনি নানা অনিয়মের অভিযোগ তুলেছেন এবং আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী জানিয়েছেন যে তিনি এই ফলাফল মেনে নেবেন না। তিনি অভিযোগ করেন, নির্বাচনে ভোট কারচুপি, জালিয়াতি এবং প্রহসন হয়েছে। পুনরায় নির্বাচনের দাবিতে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণ সংগ্রহ করেছেন বলে উল্লেখ করেন। একটি ভিডিও বার্তায় তাহেরী দাবি করেন, তার নির্বাচনি এলাকায় জাল ভোট প্রদান ও কেন্দ্র জবরদখলের ঘটনা ঘটেছে। এছাড়াও মোমবাতি প্রতীকের পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি। তার মতে, হবিগঞ্জ-৪ আসনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তাহেরীর অভিযোগ, স্থানীয়ভাবে আধিপত্য ও পেশিশক্তি ব্যবহার করে ইচ্ছামতো ফলাফল তৈরি করা হয়েছে। অনেক কেন্দ্রের ফলাফল শিটে তার এজেন্টদের স্বাক্ষর নেই বলেও তিনি দাবি করেন। প্রতিপক্ষের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, তারা বুকে হাত দিয়ে বা কোরআন ছুঁয়ে এই নির্বাচনকে সুষ্ঠু বলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেন্দ্র দখলের অভিযোগ তুলে তিনি প্রশ্ন রাখেন, চুনারুঘাট ও মাধবপুরের জনগণ এমন নির্বাচন চেয়েছিল কি না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার দল সব ধরনের কারচুপির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।
এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









