নতুন মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – দেশের নতুন মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে নতুন মন্ত্রীদের নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। এই প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যদের যথাযথ নিরাপত্তা প্রটোকল মেনে সুরক্ষা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ডিএমপির উপ পুলিশ কমিশনারকে (প্ররক্ষা) প্রেরণ করা হয়েছে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









