চীনে বসন্ত উৎসবে এআই প্রযুক্তির নতুন প্রতিযোগিতা, বাজারে আসছে একাধিক মডেল

বেইজিং, ১৭ ফেব্রুয়ারি – চীনে লুনার নিউ ইয়ার বা বসন্ত উৎসবের ছুটির মধ্যেই প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। উৎসবের আমেজের সাথে পাল্লা দিয়ে দেশটির প্রযুক্তি কোম্পানিগুলো একের পর এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল বাজারে আনছে।
গত বছর এই সময়েই ডিপসিক তাদের আর ১ ও ভি ৩ মডেল উন্মুক্ত করে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার অন্য প্রতিষ্ঠানগুলোও নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স উন্মোচন করেছে ডুবাও ২.০ চ্যাটবট। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী এটি ওপেনএআইয়ের জিপিটি এবং গুগলের জেমিনি মডেলের সমমানের। সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ডুবাও বর্তমানে চীনের শীর্ষস্থানীয় চ্যাটবট।
পাশাপাশি তাদের ভিডিও জেনারেশন মডেল সিড্যান্স ২.০ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। অন্যদিকে আলিবাবা বাজারে এনেছে কিউওয়েন ২.৫ ম্যাক্স এবং শীঘ্রই কিউওয়েন ৩.৫ আনার প্রস্তুতি নিচ্ছে। এই মডেলের প্রচারণায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে সংস্থাটি। চীনের এআই টাইগার হিসেবে পরিচিত ঝিপু নিয়ে এসেছে জিএলএম ৫ যা একটি ওপেন সোর্স মডেল এবং কোডিং ও দীর্ঘমেয়াদি কাজে দক্ষ।
মিনিম্যাক্স এনেছে এম২.৫ মডেল। প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট এনেছে এইচওয়াই ১.৮বি ২বিট যা সাধারণ স্মার্টফোনেও চলতে সক্ষম। শিক্ষা ও স্বাস্থ্য খাতের জন্য আইফ্লাইটেক এনেছে স্পার্ক এক্স২। তথ্য অনুসন্ধানের জন্য নেটইজ ইউডাও এনেছে লবস্টারএআই এবং রোবোটিক্সের জন্য ডেক্সমাল এনেছে ডিএমও। ডিপসিকও পিছিয়ে নেই তারা শীঘ্রই ভি ৪ মডেল আনার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে বসন্ত উৎসবের ছুটিতে চীনের এআই খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









