জাতীয়

শপথ নিতে সংসদে নবনির্বাচিত এমপিরা, নিরাপত্তা জোরদার

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ নেবেন। শপথ নিতে তারা সংসদ ভবনে ঢুকছেন। শপথ কক্ষেই এই অনুষ্ঠান হবে।

শপথে অংশ নিতে সকাল ৯টা থেকে নবনির্বাচিত এমপিদের গাড়ি সংসদ ভবনের গেটে প্রবেশ করতে শুরু করে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

চলতি নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের আগে শপথ পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় দলটির নির্বাচিত এমপিরা শপথ নেবেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, ভেতরে ঢোকার সময় তাদের জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে।

টানা তিনটি সংসদ, অর্থাৎ ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করে দলটি। আর ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও দুপুরে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে বিএনপি। তবে গত ১২ ফেব্রুয়ারি হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নিরঙ্কুশ জয় পেয়েছে।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language