শিক্ষা

স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন ড. শরীফ নাফে আস্‌-সাবের

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. শরীফ নাফে আস্‌-সাবের। রাষ্ট্রপতি এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের শিক্ষক ড. শরীফ নাফে আস্‌-সাবেরকে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পিআরডি ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতির মাধ্যমে ড. শরীফ নাফে আস্‌-সাবেরকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন।

ড. শরীফ নাফে আস্‌-সাবের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন একাডেমিক নেতা, কৌশলবিদ ও সুশাসনবিশেষজ্ঞ। তার কর্মজীবন তিন দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট এডুকেশন (মধ্যপ্রাচ্য অধ্যায়)-এর ভাইস চেয়্যারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, ডেপুটি হেড, অ্যাসোসিয়েট ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন), ভারপ্রাপ্ত ডেপুটি প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্বে ছিলেন। সেখানে তিনি টেকসই উন্নয়নভিত্তিক মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রাম চালু করেন এবং জ্যাঁ মনেঁ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস নেটওয়ার্কের ক্লাস্টার লিডার হিসেবে কাজ করেন।

মনাশ বিশ্ববিদ্যালয়ে তিনি এমফিল (ইন্ডাস্ট্রি) প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক ও আন্তর্জাতিক ব্যবসা প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মোনাস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বোর্ডের নির্বাচিত সদস্যও ছিলেন। তাসমানিয়া ও ম্যাসি বিশ্ববিদ্যালয়েও তিনি একাডেমিক নেতৃত্বের দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে তিনি তাসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

তার গবেষণার প্রধান ক্ষেত্র হলো সুশাসন, জননীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, নৈতিকতা এবং আন্তর্জাতিক ব্যবসায় কৌশল। তিনি অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে অনুদান পেয়েছেন এবং একাধিক পিএইচডি গবেষকের তত্ত্বাবধান করেছেন। একাডেমিক কাজের বাইরে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে স্থানীয় সরকারপ্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, গবেষণা ও জনসম্পৃক্ততায় তার অবদান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি ও প্রশংসা পেয়েছে।

রাষ্ট্রপতির এই আদেশের প্রতি যথাযথ আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে ড. শরীফ নাফে আস্‌-সাবের সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বোর্ডের সদস্য, সব ডিন, সব বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language