সংস্কার পরিষদের শপথ না নিলে এমপি হিসেবে শপথেরও মানে নেই: আসিফ মাহমুদ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়েই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে হবে। তিনি মন্তব্য করেছেন, সংবিধানে উল্লেখ নেই এমন অজুহাতে যদি কেউ এই পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অনীহা প্রকাশ করেন, তবে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ারও কোনো যৌক্তিকতা থাকে না।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন, ২০২৬ সালের নির্বাচন কোন সংবিধানে উল্লেখ ছিল?
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। ফলে সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের আইনি ও নৈতিক দায়িত্ব এখন সংবিধান সংস্কার পরিষদের ওপর ন্যস্ত হয়েছে।
এই পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নবনির্বাচিত সংসদ সদস্যরাই। এ কারণে মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ গ্রহণ করতে হবে।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









