বাংলাদেশ এখন আর কেবল সংকট উত্তরণের গল্প নয়, অমিত সম্ভাবনার দেশ: প্রধান উপদেষ্টা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন আর কেবল সংকট থেকে উত্তরণের গল্প নয়, বরং বাংলাদেশ আজ অমিত সম্ভাবনার দেশ।
সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এ দেশের তরুণরা অসীম সম্ভাবনা নিয়ে জন্মায়। এটি সাহসী, সৃজনশীল ও উদ্যমী তরুণদের দেশ। তাদের প্রয়োজন উপযুক্ত শিক্ষা, বিশ্বমানের প্রশিক্ষণ এবং এমন একটি রাষ্ট্রব্যবস্থা যেখানে মেধা, পরিশ্রম ও সততার সঠিক মূল্যায়ন হয়।
তিনি বলেন, সারা বিশ্বে প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ ও কর্মঠ কর্মীর চাহিদা তৈরি হচ্ছে। জাপান, কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকাসহ উন্নত বিশ্ব বাংলাদেশের তরুণদের শ্রম ও মেধা ব্যবহারে আগ্রহী হতে পারে, যদি যথাযথ পদক্ষেপ নেওয়া যায়।
ভৌগোলিক গুরুত্বের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, আমাদের খোলা সমুদ্র বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সকে নিয়ে এ অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। দেশের বন্দরগুলোর দক্ষতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির কথাও তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, এর ফলে শুল্ক ৩৭ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে এসেছে।
এছাড়া জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীরতর করার বিষয়গুলোও তিনি তুলে ধরেন।
তিস্তা নদীর ব্যবস্থাপনা ও নীলফামারীতে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে অগ্রগতির কথাও জানান প্রধান উপদেষ্টা।
তিনি স্পষ্ট করে বলেন, এই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে শিক্ষা, প্রশিক্ষণ এবং সততার কোনো বিকল্প নেই।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









