১৮ মাসের দায়িত্ব শেষে এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার অনুরোধে ১৮ মাস আগে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম এবং এখন আমার যাওয়ার পালা।
সোমবার রাত সোয়া ৯টার দিকে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ৫ আগস্টের স্মৃতিচারণ করে বলেন, সেটি ছিল এক মহামুক্তির দিন যা দেশে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের চোখে আনন্দের অশ্রু এনেছিল। তিনি উল্লেখ করেন যে তরুণ শিক্ষার্থীরা দেশকে স্বৈরাচারমুক্ত করলেও রাষ্ট্রযন্ত্র তখন সম্পূর্ণ অচল ছিল।
ড. ইউনূস বলেন, ছাত্রনেতাদের অনুরোধে তিনি সরকার গঠনের দায়িত্ব নেন যদিও তিনি তখন বিদেশে ছিলেন। তিনি জানান, গত ১৮ মাসে অচল দেশকে সচল করাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পূর্ববর্তী সরকারের অনুগতরা পালিয়ে যাওয়ায় বা আত্মগোপনে থাকায় প্রশাসনের অভ্যন্তরে বিশ্বাস অবিশ্বাসের সংকট তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি দীর্ঘ দেড় যুগ পর দেশে একটি উৎসবমুখর জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী এবং পরাজিত উভয় পক্ষকেই তিনি অভিনন্দন জানিয়ে বলেন, হারজিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমেই তাদের ১৮ মাসের দায়িত্বের সমাপ্তি ঘটবে বলে তিনি উল্লেখ করেন।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









