যারা ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন: মির্জা ফখরুল

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামীকাল মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই মাহেন্দ্রক্ষণের ঠিক আগের দিন, সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াতে পারবে না। বরং যারা যুদ্ধের কথা বলেন, তারা পাগলের মতো কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুদ্ধের উস্কানি না দিয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। মূলত প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন অমীমাংসিত ইস্যু নিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, আগামী বছরের আগেই গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নের বিষয়টি সামনে আসবে, যেখানে ফারাক্কার পানির হিস্যা একটি বড় ইস্যু। পাশাপাশি সীমান্তে হত্যার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, “আমাদের অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনার টেবিলে বসতে হবে। ভারতের বিরুদ্ধে লড়াইয়ের চিন্তা বাস্তবসম্মত নয়।”
এছাড়া সাক্ষাৎকারে তিনি ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও কথা বলেন। তাঁর মতে, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় পুনর্মিলন বা ঐক্যের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য দেখাতে পারেনি। মির্জা ফখরুল দাবি করেন, অন্তর্বর্তী সরকারপ্রধান অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের প্রভাবের বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারেননি, যার ফলে জাতীয় সংহতি সুদৃঢ় করা সম্ভব হয়নি।
এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









