জাতীয়

মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, পাঠ করাবেন সিইসি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবেন। ওইদিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ লক্ষে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সিইসি বরাবর চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর আমন্ত্রণপত্র তারা পেয়েছেন।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা নিশ্চিত করেছেন যে, সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হবে। জানা গেছে, শপথ গ্রহণের ক্ষেত্রে ধারাবাহিকতা অনুসরণ করা হবে; প্রথমে বিএনপি জোট, এরপর জামায়াত জোট এবং সবশেষে স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেবেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত এই নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ছয়টি এবং অন্যান্য কয়েকটি দল একটি করে আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন সাতটি আসনে।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language