নতুন সরকারের শপথ: সংসদ ভবনে চার স্তরের নিরাপত্তা, থাকছেন ১৫ হাজার সদস্য

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিস্পোজাল ও কেনাইন ইউনিটের মতো বিশেষায়িত দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন হাজারেরও বেশি দেশি ও বিদেশি অতিথি। মেগা ইভেন্টকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট পুরো এলাকা তল্লাশি বা সুইপিং সম্পন্ন করেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে আনা নেওয়া এবং সংসদ ভবন এলাকার রুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রোটোকলের জন্য অর্ধশত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনুষ্ঠানে প্রবেশের জন্য মণিপুরী পাড়া ও আসাদ গেট সংলগ্ন পথ ব্যবহার করতে হবে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মঙ্গলবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









