মাগুরা

মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৬, আটক ১০

মাগুরা, ১৬ ফেব্রুয়ারি – মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।

রোববার ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের নতুন পাড়া এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পাঞ্জাব আলী এবং একই ওয়ার্ড বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ওহাব মণ্ডলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে রোববার সন্ধ্যায় পাঞ্জাব আলীর সমর্থক রকি স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ওহাব মণ্ডলের সমর্থকদের হামলার শিকার হন। রকিকে মারধরের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি দুটি লাটা গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০ জনকে আটক করে।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতোয়ার রহমান জানিয়েছেন আটককৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের স্থানীয় রাজনৈতিক নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language