নৃত্যকলায় একুশে পদক পুনর্বিবেচনার দাবিতে ১০০ নৃত্যশিল্পীর সংবাদ সম্মেলন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ২০২৬ সালে নৃত্যকলা শাখায় ঘোষিত একুশে পদক পুনর্বিবেচনার দাবিতে সোচ্চার হয়েছেন দেশের ১০০ জন নৃত্যশিল্পী। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান। শিল্পীদের অভিযোগ, এবারের পুরস্কার প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং স্বজনপ্রীতির মাধ্যমে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা প্রশ্নবিদ্ধ এই পুরস্কার বাতিলের পাশাপাশি প্রকৃত যোগ্য নৃত্যশিল্পীকে সম্মাননা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, তামান্না রহমান, শারমিন হোসাইন, মাহফুজুর রহমান, সেলিনা হক, নীলুফার ওয়াহিদ পাপড়ি, বেনজীর সালাম, আনিসুল ইসলাম হিরু, ফারহানা চৌধুরী বেবি ও মেহবুবা মাহনুর চাঁদনী।
তাঁরা বলেন, একুশে পদক শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ হলেও এবার নৃত্যকলা শাখায় সঠিক মূল্যায়ন হয়নি, যা গুণী শিল্পীদের ক্ষুব্ধ করেছে। অবিলম্বে যাচাই-বাছাই করে নতুন নাম ঘোষণার দাবি জানান তাঁরা। এ সময় তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো ২০২৬ সালের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা, নৃত্যাঙ্গনের অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্বদের মতামত গ্রহণ এবং পুরস্কার প্রদানে একটি স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি নিশ্চিত করা।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









