বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, থাকছে ঢাকা-১৭

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে নির্বাচিত হওয়ার পর বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসি সচিব আখতার হোসেন জানান, বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়া সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বর্তমানে ওই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী একজন ব্যক্তি নির্বাচনে একাধিক আসনে জয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে তাকে নির্বাচন কমিশনকে জানাতে হয় তিনি কোন আসনটি নিজের কাছে রাখতে চান। নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ উভয় আসনেই জয়লাভ করেন। এর মধ্যে ঢাকা-১৭ আসনে তিনি ৭২ হাজার ৬৯৯ ভোট পান যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর এএসএম খালিদুজ্জামান। অন্যদিকে বগুড়া-৬ আসনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন তিনি।
আইন অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে, ফলে শীঘ্রই বগুড়া-৬ আসনে নতুন তফসিল ঘোষণা করবে ইসি।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে ২৯৭টি আসনের ঘোষিত ফলাফলে বিএনপি এককভাবে ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









