রংপুর বিভাগ

পীরগঞ্জে সিলমারা ব্যালট উদ্ধার: বিক্ষোভে অবরুদ্ধ ইউএনও, এলাকায় উত্তেজনা

পীরগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি – রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিলমারা ব্যালট পেপার ও সিল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এবং অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।

সোমবার সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে দুটি সিল এবং ছয়টি ব্যালট পেপার পড়ে থাকতে দেখে। এর মধ্যে দুটি ব্যালটে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ছিল এবং বাকিগুলোতে ‘হ্যাঁ’ ও ‘না’ সূচক সিল মারা ছিল।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলে তিনি সেগুলো জব্দ করেন এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ঘিরে ধরে প্রতিবাদ শুরু করে। নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে ইউএনও বিদ্যালয় চত্বরে অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষোভে অংশ নিয়ে স্থানীয় নারীরাও প্রতিবাদ জানান।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে রংপুর ৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমীন নির্বাচিত হন এবং বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম অল্প ব্যবধানে পরাজিত হন। ফলাফল ঘোষণার পর থেকেই কারচুপির অভিযোগে সেখানে বিক্ষোভ চলছে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language