শিক্ষা

তিন দিনের মধ্যে বিশেষ বৃত্তির দাবিতে জকসুর স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১৬ ফেব্রুয়ারি – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ বা সম্পূরক বৃত্তি আগামী তিন দিনের মধ্যে প্রদানের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু। এই দাবিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন জকসুর প্রতিনিধিরা।

স্মারকলিপি প্রদানের সময় তারা প্রশাসনের কাছে দুই দফা দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে বলা হয়েছে গত বছরের মে মাসে যমুনা গেটের সামনে টানা তিন দিন ও রাত অবস্থান কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা এই বৃত্তির দাবি আদায় করেছিলেন। তখন সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে বৃত্তি প্রদানের আশ্বাস ও সিদ্ধান্ত জানানো হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আজও সেই বিশেষ বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে এসে পৌঁছায়নি যা শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সঞ্চার করেছে।

জকসুর নেতারা দাবি জানিয়েছেন যে বিশেষ বৃত্তির বরাদ্দকৃত অর্থ আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে বিতরণের জন্য জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জকসুর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে জকসুর সহসভাপতি মো. রিয়াজুল ইসলাম জানান যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন শেষে বিশেষ বৃত্তির আওতায় এসেছেন।

অর্থ মন্ত্রণালয়ের জটিলতা কাটিয়ে বৃত্তির টাকা এখন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় পাবে বলে জানা গেছে। তিনি প্রশ্ন রেখে বলেন প্রশাসনিক এই দীর্ঘসূত্রিতা কেন হচ্ছে। শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দ্রুত প্রদানের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং প্রশাসন ব্যর্থ হলে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন জানান বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবযোগ্য সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং একইসঙ্গে বিশেষ বৃত্তির অর্থছাড়ের অথরিটি জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসি টাকাটা পেলে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেবে এবং এরপরই শিক্ষার্থীরা সেই অর্থ পাবেন।

এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language