গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালকসহ আহত ২

গোপালগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি – গোপালগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ইখলাস খাঁ নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারীর মৃত্যু হয়।
এর আগে রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মোমরেজ খাঁর ছেলে। আহতরা হলেন কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী এবং একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। ওই সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে পথচারী ইখলাস খাঁ, মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী এবং আরোহী ইসানুর কাজী ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইখলাস খাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
এছাড়া গুরুতর আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরোহী ইসানুর কাজীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









