সাভারে পৃথক স্থানে বাসে ও ভাঙারির গুদামে অগ্নিকাণ্ড

সাভার, ১৬ ফেব্রুয়ারি – সাভারে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও একটি ভাঙারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে সাভার মডেল থানার পাশে একটি ভাঙারির গুদামে এবং রবিবার রাতে হেমায়েতপুর এলাকায় একটি বাসে এই আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় উভয় স্থানের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে হানিফ পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। হঠাৎ পথচারীরা বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ। অন্যদিকে সোমবার সকালে সাভার মডেল থানার পাশে একটি ভাঙারির গুদামে আগুন লাগার ঘটনা ঘটে।
এই ঘটনাতেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো জাহাঙ্গীর হোসেন জানান মশার কয়েল বা বিড়ি সিগারেটের আগুন থেকে ভাঙারির গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









