জাতীয়

রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও দাপ্তরিক কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার ডিএসই পিএলসির ম্যানেজার (প্রকাশনা ও জনসংযোগ) মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং তা বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। মূল লেনদেন শেষে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। তবে লেনদেনের সময় কমলেও ডিএসইর দাপ্তরিক কার্যক্রম বা অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাধারণত স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। রমজান মাস ও ঈদুল ফিতরের ছুটির পর ডিএসইর সময়সূচি আবার আগের নিয়মে ফিরে আসবে। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় ব্যাংকও রমজান মাসের জন্য ব্যাংকিং কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করেছে, যেখানে লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা এবং অফিস সময় বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language