ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯ শতাংশ, শীর্ষে বিএনপি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এবং দলটি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট।
দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। অন্যদিকে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রবিবার ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত ভোটের শতাংশের হিসাব থেকে এই তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায় যে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ১০টি দল শূন্য দশমিক শূন্য শতাংশ ভোট পেয়েছে।
এই দলগুলো হলো বাংলাদেশ সমঅধিকার পার্টি বা বিইপি, ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বা বিএনএফ এবং বাংলাদেশ মুসলিম লীগ বা বিএনএল। এছাড়া শূন্য দশমিক ০১ শতাংশ ভোট পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে আমজনতার দল, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বা বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বা বিএমজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। উল্লেখ্য যে এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয় এবং স্বতন্ত্র হিসেবে ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









