২০২৬ সালে কোন দেশে সবচেয়ে বেশি ও কম সময় রোজা থাকবে

বিশ্বজুড়ে শীঘ্রই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো কোনো দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতু পরিবর্তনের কারণে এই বছরও বিশ্বের সব দেশে রোজার সময় এক হবে না।
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী এবার রমজান প্রায় ১০ দিন এগিয়ে শুরু হবে। ফলে ২০২৬ সালে রমজান পড়ছে শীতের শেষভাগে। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এ বছর বিভিন্ন দেশে রোজার সময় তুলনামূলক কিছুটা কম হবে। যা সর্বনিম্ন প্রায় সাড়ে ১১ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
উত্তর গোলার্ধে এ বছর রোজার সময় হবে আনুমানিক ১২ থেকে ১৩ ঘণ্টা, যা দিন বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধে রোজার সময় ১৪ থেকে ১৫ ঘণ্টার মধ্যে থাকতে পারে, যা সময়ের সঙ্গে কিছুটা কমে আসবে।
ইসলামিক ফাইন্ডারের তথ্য অনুযায়ী, এ বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবে নিউজিল্যান্ডের মুসলিমরা। তালিকায় এরপর অবস্থান করছে চিলি, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে সবচেয়ে কম সময় রোজা পালিত হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে।
আরব দেশগুলোতে রোজার সময় গড়ে সাড়ে ১২ ঘণ্টা থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে। বাংলাদেশে রোজার সময় থাকবে প্রায় পৌনে ১৩ ঘণ্টা থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে।
নিরক্ষরেখা থেকে কোনো দেশ যত দূরে, সেখানে দিনের দৈর্ঘ্যের তারতম্য তত বেশি হয়। ফলে উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে রোজার সময়েও বড় পার্থক্য দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, শীতের সময়ে রমজান পড়ায় এবারের আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে, যা রোজা পালনে স্বস্তি দেবে। মুসলিম প্রধান দেশগুলোতেও এবারের রমজান তুলনামূলক আরামদায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
এনএন









