জাতীয়

নির্বাচনের ফল নিয়ে গণমাধ্যমের উপস্থাপন খণ্ডিত বলে দাবি জামায়াত আমিরের

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – জাতীয় নির্বাচনের ফলাফল গণমাধ্যমে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, গণমাধ্যমের এই খণ্ডিত উপস্থাপনায় হতাশ বা বিভ্রান্ত হওয়া উচিত নয়। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রাপ্ত ভোটের পরিসংখ্যান একটি শক্তিশালী বার্তা প্রদান করে। তিনি উল্লেখ করেন যে প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে। দেশের প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর তাদের আস্থা রেখেছেন যা একটি বিশাল ও তাৎপর্যপূর্ণ জনরায়।

জামায়াতের আমির আরও বলেন, ২০০৮ সালে মাত্র দুটি আসন পাওয়া দলটি আজ দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি কোটি কোটি মানুষের সমর্থনের বহিঃপ্রকাশ এবং ঐতিহাসিক অগ্রযাত্রার সূচনা।

তিনি মনে করেন দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে গঠনমূলক ভূমিকা পালন করার। পরবর্তী নির্বাচনে জনগণের আরও ব্যাপক আস্থা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সংগঠনকে শক্তিশালী করা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করে সুস্পষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language