শপথ শেষে ফেরার পথে উপদেষ্টাদের গাড়িতে থাকবে না পতাকা: প্রেস সচিব

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে চড়ে আসবেন। তবে অনুষ্ঠান শেষে ফেরার সময় তাদের গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না।
রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, শপথের দিন উপদেষ্টারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শপথ শেষে একই গাড়িতে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, কিন্তু তখন গাড়িতে পতাকা ব্যবহারের সুযোগ থাকবে না।
শফিকুল আলম আরও উল্লেখ করেন, উপদেষ্টারা বর্তমানে দেশেই অবস্থান করছেন। তারা দেশের গর্বিত সন্তান এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বোচ্চ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









