ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হলেন বুয়েট অধ্যাপক আবদুল হাছিব
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব। তিনি বুয়েটের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর পর্যন্ত কার্যকর থাকবে।
নিয়োগের শর্ত অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









