ক্রিকেট

পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল ভারত

কলম্বো, ১৫ ফেব্রুয়ারি – চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি শেষ পর্যন্ত একপেশে লড়াইয়ে পরিণত হয়েছে। কলম্বোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। এই জয়ের মধ্য দিয়ে আসরের সুপার এইট পর্ব নিশ্চিত করেছে তারা। তিন ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থানে রয়েছে ভারত।

অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তান। পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরেই রয়েছে যুক্তরাষ্ট্র। টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। এরপর জাসপ্রিত বুমরাহ তাঁর করা দ্বিতীয় ওভারে সাইম আইয়ুব ও সালমান আলী আগাকে আউট করেন।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বাবর আজমও বিদায় নেন। চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া পাকিস্তানের হয়ে উসমান খান ও শাদাব খান কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। উসমান খান সর্বোচ্চ ৪৪ রান এবং শাদাব খান ১৪ রান করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তিনি নিজেই বোলিংয়ে এসে প্রথম ওভারে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে শূন্য রানে ফেরান। তবে দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেন আরেক ওপেনার ঈষাণ কিষাণ। মাত্র ২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় সাজানো ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ঈষাণ। পরবর্তীতে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ৩৭ রানের জুটি গড়েন। তিলক ২৪ রানে এবং হার্দিক পান্ডিয়া দ্রুত আউট হলেও ভারত চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়।

এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language