ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ইষাণ কিষাণের ঝোড়ো ব্যাটিং, ভারতের সংগ্রহ ১৭৫

কলম্বো, ১৫ ফেব্রুয়ারি – কলম্বোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৭৫ রানের লড়াকু পুঁজি পেয়েছে ভারত। ওপেনার ইষাণ কিষাণের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে দুই শতাধিক রানের ইঙ্গিত দিলেও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানে থামে ভারতের ইনিংস।

ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা। তিনি নিজেই বোলিং সূচনা করেন এবং প্রথম ওভারেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে কোনো রান করার আগেই সাজঘরে ফেরত পাঠান।

প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন তিনি এবং মাত্র ২৭ বলেই নিজের অর্ধশতক পূরণ করেন। ৪০ বলের মোকাবিলায় ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন ইষাণ। তবে সাইম আইয়ুবের বলে আউট হয়ে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে ৩৭ রানের জুটি গড়েন। তিলক ২৪ রানে সাইম আইয়ুবের শিকার হন এবং হার্দিক পান্ডিয়াও দ্রুত বিদায় নেন। ক্রিজে সময় কাটালেও অধিনায়ক সূর্যকুমার যাদব খুব একটা সুবিধা করতে পারেননি, ২৯ বলে ৩১ রান করে উসমান তারিকের বলে আউট হন তিনি।

পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম আইয়ুব সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language