নির্বাচনের মাধ্যমে পুলিশ হৃত আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের হৃত আত্মমর্যাদা ও গৌরব ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, মন্ত্রিসভার পর্যবেক্ষণ অনুযায়ী এই নির্বাচনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসের প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা এবং আত্মবিশ্বাস নিয়ে জনমনে নানা প্রশ্ন ছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন যে পুলিশকে দিয়ে আদৌ কোনো ভালো নির্বাচন সম্ভব হবে কি না। তবে সাম্প্রতিক নির্বাচনে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে সেই শঙ্কা দূর করেছে।
শফিকুল আলম উল্লেখ করেন, এবারই প্রথমবারের মতো নির্বাচনে ব্যাপকভাবে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা স্বয়ং পুলিশ সদর দপ্তরে অবস্থান করে প্রায় দেড় ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সরাসরি ১৭টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছেন।
মন্ত্রিসভা আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা হলে নির্বাচনী ফলাফলে আরও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া নির্বাচনী কাজে সমন্বয়ের জন্য সুরক্ষা অ্যাপ ও সিসিটিভি ফুটেজ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব জানান, নির্বাচন পরবর্তী সময়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃতপক্ষে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে।
হাতিয়ায় এক নারীর মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









