তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির বদলে ঢাকায় আসছেন ভারতের স্পিকার ওম বিড়লা

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকছেন না। তাঁর পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করতে ঢাকায় আসছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।
রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন স্পিকার ওম বিড়লা। ভারত সরকার মনে করে যে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ দুই দেশের জনগণের মধ্যকার গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। একইসঙ্গে এটি দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে ইতিহাস ও সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে নির্বাচিত সরকারের এই যাত্রাকে স্বাগত জানায়।
উল্লেখ্য যে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে একই দিনে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ থাকায় তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে প্রতিনিধি হিসেবে ওম বিড়লাকে পাঠাচ্ছেন।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









