খাসির মাংস বলে কুকুর জবাই, ধামইরহাটে তোপের মুখে পালালেন কসাই

ধামইরহাট, ১৫ ফেব্রুয়ারি – নওগাঁর ধামইরহাটে খাসির মাংসের কথা বলে কুকুর জবাই করে বিক্রির চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার মুকুন্দপুর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় এক কসাই ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং স্থানীয়দের তোপের মুখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এনজাত আলী ও তার সহযোগী দুদু দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ি বাজারে মাংস বিক্রি করে আসছিলেন। অন্যদের তুলনায় তাদের মাংসের দাম কম হওয়ায় অনেকের মনেই সন্দেহের দানা বাঁধছিল। রবিবার সকালে মুকুন্দপুর এলাকায় গোপনে তারা একটি কুকুর জবাই করছিলেন। বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যক্তির নজরে আসে। তারা এগিয়ে গিয়ে দেখেন, অভিযুক্তরা একটি কুকুর জবাই করে চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা চিৎকার শুরু করলে কসাই ও তার সহযোগী পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জবাই করা কুকুর ও মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানিয়েছেন, কুকুরের মাংস বিক্রির খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









