দিনাজপুরে আমের মুকুলের মৌ মৌ গন্ধ, বাম্পার ফলনের আশায় চাষিরা

দিনাজপুর, ১৫ ফেব্রুয়ারি – দিনাজপুরের আমবাগানগুলো এখন মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে। মাঘ মাসের শেষের এই সময়েই জেলার অধিকাংশ গাছে মুকুল আসতে শুরু করেছে। যেসব গাছে মুকুল এসেছে সেগুলোতে বেশ ভালো পরিমাণেই দেখা যাচ্ছে। চাষিরা আশা করছেন কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার আমের বাম্পার ফলন হবে।
কৃষি বিভাগের তথ্য মতে মাঘ মাসের শেষে যেসব গাছে মুকুল আসে সেসব মুকুল স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বর্তমানে আমচাষি ও ব্যবসায়ীরা বাগান পরিচর্যায় অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। ভালো ফলন ও আমের সঠিক রঙ নিশ্চিত করতে অনেকেই আধুনিক পদ্ধতি গ্রহণ করছেন। কৃষি কর্মকর্তারা বলছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ ও সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকরা আর্থিকভাবে অধিক লাভবান হবেন। জেলায় হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি, হাড়িভাঙ্গা ও বারি ৪ সহ বিভিন্ন জাতের আম চাষ হচ্ছে।
স্থানীয় আমচাষি ফারুক হোসেন ও জহুরুল ইসলামের মতে মুকুল আসার আগে থেকেই গাছের পরিচর্যা শুরু করতে হয় এবং বর্তমানে নিয়মিত সেচ ও স্প্রে করা হচ্ছে। গাছে আগাম মুকুল আসার খবরে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে বাগান আগাম কিনে নিচ্ছেন। মোহনপুর মোড় এলাকার আমবাগান মালিক রুহুল আমিন এবং বসিরবানিয়া গ্রামের আবু রেজা প্রামানিক জানান যে তাঁরা আগেভাগেই গাছের পরিচর্যা শুরু করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী জেলায় প্রায় পাঁচ হাজার আটশ হেক্টর জমিতে এবার আম চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









