গোপালগঞ্জ

বৃদ্ধাকে ‘মা’ ডেকে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জ-৩, ১৫ ফেব্রুয়ারি – গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় তিনি কোটালীপাড়ার উনশিয়া ভট্টের বাগানে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।

সেখানে রজগীনি কর্মকার নামের ষাটোর্ধ্ব এক নারী এস এম জিলানীর কাছে তাঁর বাড়িতে যাতায়াতের রাস্তাটি নির্মাণ করে দেওয়ার দাবি জানান। জবাবে এস এম জিলানী ওই বৃদ্ধাকে ‘মা’ সম্বোধন করে বলেন, আমি আপনার বাড়িতে প্রবেশের রাস্তাটি করে দেব এবং এটি আমার দায়িত্ব। নবনির্বাচিত এমপির মুখে এমন আশ্বাস শুনে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এস এম জিলানী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কোটালীপাড়ার হিন্দু ভাই-বোনেরা যেভাবে ভোট দিয়ে আমাকে আপন করে নিয়েছেন এবং আস্থার প্রতিদান দিয়েছেন, আমি সেই মর্যাদা রক্ষা করতে চাই। আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারি। জীবনের সবটুকু উজাড় করে দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। পরবর্তীতে কোটালীপাড়া উপজেলা সদরের কাজী মন্টু ফিলিং স্টেশনের পাশের মাঠে দলীয় নেতাকর্মীদের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে কেউ অন্যায় বা অত্যাচার করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমি নিজে কোনো অন্যায় করব না এবং অন্য কাউকে অন্যায় করতে দেব না। নবনির্বাচিত এই সংসদ সদস্য স্মরণ করিয়ে দেন যে রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়।

ইতিহাস সাক্ষ্য দেয় যে দীর্ঘসময় ক্ষমতায় থাকার পরেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই ক্ষমতার অপব্যবহার থেকে সবাইকে দূরে থাকতে হবে। তিনি আরও বলেন, ১২ তারিখের আগে আমি একটি নির্দিষ্ট দলের মনোনীত প্রার্থী ছিলাম। কিন্তু নির্বাচিত হওয়ার পর এখন আমি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনগণের এমপি। আমার কাছে এখন সবাই সমান এবং সবাই আমার কাছ থেকে সমান সুযোগ-সুবিধা পাবেন।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language