নিউজিল্যান্ডে বন্যা ও ঝড়ে একজনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

নিউজিল্যান্ড, ১৫ ফেব্রুয়ারি – নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যায় একজনের মৃত্যুর পর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারের বন্যায় নর্থ আইল্যান্ডের বহু বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন।
বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি থেকে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, নর্থ আইল্যান্ডের পূর্বে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ আরও ঘনীভূত হয়েছে। এর প্রভাবে দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের মতে রবিবার রাতে পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে পারে, তবে সোমবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রয়টার্সের তথ্যমতে শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে নিউ জিল্যান্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
দেশটির সবচেয়ে জনবহুল শহর অকল্যান্ড থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওতোরোহাঙা জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। কৃষিপ্রধান এই জেলার প্রায় ১০ হাজার বাসিন্দা দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা কর্তৃপক্ষের জিওটেকনিক্যাল দলগুলো রাস্তার কাঠামোগত নিরাপত্তা ও ধসের ঝুঁকি মূল্যায়ন করছে। জ্বালানি কোম্পানি পাওয়ারকো জানিয়েছে নর্থ আইল্যান্ডের প্রায় দুই হাজার ৪৫২টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বন্যার পানিতে গাড়ি আটকা পড়ে শনিবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং প্রায় ৮০ জন বাসিন্দাকে জরুরি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে অনেক আধা গ্রামীণ এলাকা পানির নিচে তলিয়ে আছে এবং পানি সরে যাওয়া স্থানগুলোতে রাস্তাঘাট ধসে পড়েছে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









